নজরুল: ডোনাল্ড লু’র আসা-না আসায় কিছু যায়-আসে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আসা-না আসায় কিছু যায়-আসে না। লু’র আসাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কুকি চীনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। লু তো অনেক দূরের কথা। আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে।’’

সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদেন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের মানুষ তাদের সমস্যা সবসময় নিজেরা সমাধান করেছে। ৬৯ এ গণঅভ্যুত্থান, ৯০ এর গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতাযুদ্ধ আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলন সমর্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে তার নিন্দা জানাই।’’

জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কর্মসূচি চলবে বলে জানিয়ে তিনি বলেন, ‘‘বিএনপি ও আমাদের জোট- কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের ওপর চাপিয়েছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের ওপর চাপাতে চায়। আগামী দিনে সেরকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের, সেটা আগেই বলার চেষ্টা করছে তারা। তবে এতে আমরা ভীত নই। জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে।’’

নজরুল ইসলাম খান বলেন, ‘‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত- এ নিয়ে আলোচনা করেছি। বিদ্যুৎ, পানি সংকট ও যোগাযোগ সীমিত- এসব নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি অর্থনীতি নিয়ে দেশের যে সংকট, টাকার অবমূল্যায়ন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি- এ বিষয়গুলো আলোচনায় এসেছে।’’