আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে গেলেন তিনি।
রবিবার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ নির্দেশ দেন।
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আজ সকালে আদালতে হাজির করা হয় তাকে। তদন্তকারী কর্মকর্তারা রিমান্ড পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই সাইফুল্লাহ হত্যার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন।