ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, “সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং করবো একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই নির্বাচন যত দ্রুত সম্ভব হতে হবে।”
তিনি বলেন, “আমরা আশা করবো, এ সরকার যে কমিশন করেছে, তার প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী করণীয়- একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যাদের রায় দেবে, তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। দেশ শান্তিপূর্ণভাবে চলবে। পাশাপাশি দেশের যে সব সমস্যার জট বেধে আছে তা সমাধান করবে। একইসঙ্গে ছাত্র-জনতা ও দেশের মানুষের যে দাবি তা পূরণ হতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
ছাত্র-জনতার আন্দোলনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এ দেশে গণতন্ত্র একবার এনেছে জিয়াউর রহমান, আরেকবার খালেদা জিয়া। আর দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্রজনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে।”
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “সাগর রুনি হত্যার বিচার কিন্তু এখনো আমরা পাইনি। অবিলম্বে সাগর-রুনির হত্যার বিচার করতে হবে এবং এই বিচার দ্রুত করতে হবে। এতদিন সাগর-রুনির হত্যার বিচার বিলম্ব হওয়ার কারণ একটাই, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। তখন প্রতিবেদন জমা হয়নি বিলম্ব হয়েছে। কিন্তু আজ এই বিচার বিলম্ব হওয়ার কথা নয়।”