পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জালাল উদ্দিন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় উভয়পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাশেম ও সাবেক ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাতে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। তার সূত্র ধরে শনিবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহিংসতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, “আমি বিষয়টি জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। এখন খোঁজ-খবর নিয়ে জানতে পারব এবং পরে বিস্তারিত বলতে পারব “