জামায়াত আমির: অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম হয়েছে

অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে, দেশ শ্মশান বাংলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “৫৪ বছরে এ বাংলাদেশের অনেক কিছু বদলে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই ৫৪ বছরে অনেক জনের শাসন আমরা দেখেছি। অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনো দেখার সুযোগ হয়নি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করেছে। কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে। আর কেউই দিতে পারবে না। বাংলার জমিনে তার পরীক্ষা-নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “দুর্নীতি-দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। দুঃশাসন থেকে জাতি মুক্তি চায়।”

সভায় জামায়াতের আমির বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ইসলামী কোনো দলের লোক কোথাও চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমবাজির সঙ্গে কখনো যুক্ত হয় না। কারণ তারা আল্লাহকে ভয় করে। ২৫ তারিখের মধ্যে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের ৩ কোটি নেতা-কর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তুতি নিতে হবে।”

জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।