এনসিপি: আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ব্যর্থতায় হাসনাতের ওপর হামলা

জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিত না করতে পারা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রবিবার (৪ মে) পার্টির যুগ্ম-সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে এই  অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “গাজীপুরের চৌরাস্তা এলাকায় এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে পতিত ফ্যাসিবাদের দোসররা। আমরা লক্ষ্য করেছি, এই হামলার একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে দেখে নেওয়ার এবং হামলার হুমকি দিয়েছিল।”

এতে বলা হয়, “আরও উদ্বেগজনক হলো, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’ এর জরিপে উঠে এসেছে যে, গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের ওপর ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যাতে ৮৯ জন আহত এবং ১ জন শহীদ হয়েছেন। কিন্তু এসব হামলাকারী এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ।”  

বিবৃতিতে এনসিপি আরও জানায়, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর মহানগর ও কেরাণীগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িতদের এবং জুলাই গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।