যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক আগামী ১৩ জুন লন্ডনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক ভূমিকা রাখবে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটা বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট। বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে, রাজনীতিতে নতুন ডাইমেনশন আসবে। সম্ভাবনা তৈরি হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির যে অবস্থান, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। নতুন রাজনৈতিক চিন্তা সৃষ্টির ফলে সরকারে চাপ বা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দুই নেতার বৈঠক একটা বড় সুযোগ অনেক সমস্যা সমাধান করার।”
মির্জা ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক।
ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল। যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফর সূচিতে বৈঠকের বিষয়টি ছিল না।
লন্ডনে ১৩ জুনের বৈঠকে দুই নেতার মধ্যে আগামী জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। ঈদ-উল-আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যদিও বিএনপি শুরু থেকেই এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে।