নাহিদ: গণ-অভ্যুত্থান ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে রাজনৈতিক দলগুলো

গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থান ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৭ জুলাই) রাতে পাবনা শহিদ চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট গণ-হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বলেছিলাম ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি থাকতে পারে না, এই প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেই চুপপুকে সরাতে ভয় পেয়েছে। তারা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”

নাহিদ আরও বলেন, “আমরা বলেছিলাম মিডিয়া, পুলিশ, আমলা, সেনাবাহিনী, সংবিধানের সংস্কার লাগবে। সংস্কারের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়বো। অভ্যুত্থানের মাধ্যমে স্কুল-কলেজের দেয়ালে ছাত্ররা যে গ্রাফিতি এঁকেছিল সেই গ্রাফিতির মাধ্যমেই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। সেসব গ্রাফিতির মাধ্যমেই ৫ আগস্ট পরবর্তী মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়ে গিয়েছিল।”

তিনি বলেন, “আমরা আগামীর সংবিধান রচনা করবো। সেই সংবিধানের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। ৩ আগস্ট নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে গণ-মানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে প্রস্তাব করবো। সেদিন সবাইকে আসার আহ্বান রইলো।”

পথসভায় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে এনসিপি নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোতে পথসভা করার কথা রয়েছে।