নাহিদ: আবার গোপালগঞ্জ যাবো, সম্পূর্ণভাবে মুজিববাদ থেকে মুক্ত করে তবে ফিরবো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা আশ্রয়কেন্দ্র বানিয়েছে। আমরা আবার গোপালগঞ্জ যাবো, গোপালগঞ্জের মানুষকে সম্পূর্ণভাবে মুজিববাদ থেকে মুক্ত করে তবে ফিরবো।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলি, কোনো সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।”

তিনি বলেন, “সেখানে চারজন মানুষ বিচারবহির্ভূতভাবে মারা গেছে, আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা ৫ আগস্ট বলেছিলাম, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসনের ভেতর তাদের দোসর রয়েছে। আমি তাদের বলতে চাই, অপরাধীদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়ছি না। এখনও সময় দিচ্ছি ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের গ্রেপ্তার করুন।”

তিনি আরও বলেন, “আর কেউ গ্রেপ্তার হলেও তারা জামিনে মুক্তি পাচ্ছে, বিচারপ্রক্রিয়া এগোচ্ছে না। প্রশাসনের মধ্যে যারা স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন, তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

সভায় এনসিপির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুবশক্তির তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।