রিজভী: ধর্মের নামে আরেক ফ্যাসিস্টকে মেনে নেবে না জনগণ

এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায় এটা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।

সমাবেশে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

রিজভী বলেন, “যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি, চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না‌‌। সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র মানুষ, সচ্ছল মানুষ তারাই হবেন বিএনপির সদস্য।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা বলেছে, যারা আন্দোলন করছে তাদের একেবারে শেষ করে দাও। এই কয়েকদিন আগে তার সেদিনের সে বক্তব্য আবার ভাইরাল হয়েছে। প্রত্যেকটি মানুষ শুনেছে সে বক্তব্য। ভাইরাল হওয়া বক্তব্য এডিট করা না। পৃথিবীর নামকরা গণমাধ্যম বিবিসি শেখ হাসিনার ওই বক্তব্য ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছে ওটা শেখ হাসিনার নিজের কণ্ঠস্বর। তার দেশের সন্তান, ছাত্র, বাচ্চাদের পিটিয়ে গুলি করে মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ যে মহিলা দিয়েছে, সে কত বড় রক্ত পিপাসু হতে পারে তা এদেশের জনগণ জানে।”

সমাবেশে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।