জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতারা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন।
রবিবার (২০ জুলাই) রাত ১১টার দিকে তারা দেশের অন্যতম বৃহত্তম এই মাদ্রাসাটিতে যান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তারা।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন এবং সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও মাওলানা নিজাম সাইয়্যিদ।
মাদ্রাসা পরিদর্শন শেষে এনসিপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।
অন্যদিকে, রবিবার রাতে এনসিপির আরেকটি প্রতিনিধি দল চট্টগ্রামের কিংবদন্তি সুফি সাধক হযরত শাহ আমানত (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা ও জাতীয় যুব শক্তির দূতি অরণ্য চৌধুরী প্রমুখ।
মাজার জিয়ারতের সময় তারা হযরত শাহ আমানতের (রহ.) অষ্টম বংশধরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের শান্তি, ন্যায়ের প্রতিষ্ঠা ও গণমানবতার কল্যাণে দোয়া করেন।