সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসনের বাইরে প্রতিটি রাজনৈতিক দলকে ৩০০ দলীয় আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। এসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার (২৭ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম, বিদ্যমান ৫০টি সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ৮০-তে উন্নীত করা হোক। তবে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে কিছু আসনে সরাসরি নির্বাচন হওয়া উচিত। তাই আমরা আজ প্রস্তাব দিয়েছি, আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল যেন ৩০০ আসনের মধ্যে অন্তত ৫%-এ নারী প্রার্থী মনোনয়ন দেয়।’’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘যেহেতু আসন্ন নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই, তাই এটা এখনই আইন নয়, বরং একটি জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট হতে পারে। তবে সংবিধান সংশোধনের পর আমরা চাই, ৩০০টি আসনের মধ্যে অন্তত ১০% আসনে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাহলে ৩০টি আসনে নারী প্রার্থী মনোনীত হবেন এবং সংরক্ষিত ৫০টি মিলে মোট ৮০টি আসনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।’’
পুলিশ কমিশনের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘বাংলাদেশ পুলিশ কমিশন নামে এটি কমিশন গঠিত হবে। শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যাতে আইনানুগভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয়, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। কমিশনের গঠন, কার্যপরিধি, তদন্তপ্রক্রিয়া, সবকিছুই সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে নির্ধারিত হবে। তবে কমিশন এই আইনের খসড়া প্রণয়নে যেসব পরামর্শ দিয়েছে, তা যেন বিবেচনায় নেওয়া হয়, সেই আহ্বান জানানো হয়েছে।’’
রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘সংবিধানের অনুচ্ছেদ ৮-এ বর্তমানে পঞ্চদশ সংশোধনীর ভিত্তিতে যে মূলনীতি রয়েছে, তার সঙ্গে বিএনপি একমত নয়। বিএনপির অবস্থান হলো পঞ্চম সংশোধনীর সময় যে মূলনীতি (মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, গণতন্ত্র, জাতীয়তাবাদ) ছিল, সেটিই রাখা উচিত।’’