হাফিজ উদ্দিন: ড. ইউনূস নির্বাচন দিতে চান, কিছু উপদেষ্টা আর ছাত্ররা ভুল বোঝায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘‘প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান, কিছু কিছু উপদেষ্টা আর ছাত্ররা তাকে ভুল বোঝায়।’’

রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলায় তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবরেণ্য জগদ্বিখ্যাত ব্যক্তি, ভালো মানুষ, তার প্রথমে ইচ্ছা ছিল না, এখন তিনি নির্বাচন দিতে চান, লন্ডনে তিনি আমাদের নেতার সঙ্গে বৈঠক করেছেন। তারপর তিনি ওপেন হয়েছেন, নির্বাচন দিতে চান, কিছু কিছু উপদেষ্টা তাকে আবার ভুল বোঝায়। আর ছাত্ররা তো আছেই, আমরা একটু স্বাভাবিক হই, আমরা এখনো কমিটি করতে পারি নাই। এইটা করতে পারি নাই, এখনো তাদের দলের রেজিস্ট্রেশনই হয় নাই, তাহলে তোমরা কীভাবে ক্ষমতায় যাবিরে ভাই।’’

কিছু উপদেষ্টা ও ছাত্রদের নিয়ে গড়া দলসহ ছোট দলগুলো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘যে গণতন্ত্রের জন্য শহিদ আবু সাঈদ জীবন দিয়েছেন, আশা ছিল অন্তর্বর্তী সরকার এসে সেই গণতন্ত্র চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে গড়িমসি করছে। দেশে একধরনের দল আছে, বাংলাদেশে ৩৫টি রাজনৈতিক দল। অনেকগুলো হোন্ডাপার্টি, হাজবেন্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দুই-একটা আছে সিএনজিপার্টি, তিনজন বসলে আর সিট নেই। হাজবেন্ড-ওয়াইফ আর পোলা একটা আছে। এরা এসে খালি ভাষণ দেয়, আর সংস্কারের কথা বলে। এইটা বলে, ওইটা বলে।’’

জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এরা তো আমাদের নাতির বয়সী। এ দলটা উঠুক আমরা চাই। এ দলটা যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক, একসময় তাদের রাজনীতিতে বয়স হলে নাবালকত্ব কাটিয়ে সাবালকে উপনীত হলে তারা সরকার গঠন করতেও পারে। আমাদের শুভকামনা থাকল। এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগালি করার দরকার নেই।’’