এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে।’’
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী রোডে এনসিপির পদযাত্রার অংশ হিসেবে পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐকমত্য হতে হবে।”
নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময় ‘‘তিন জোটের রূপরেখা’’ প্রসঙ্গ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, আমরা এবার কোনো প্রতারণার সুযোগ দেব না। আমরা আশা করি, ৫ আগস্টের আগেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হবে। সবাই মিলে গণ-অভ্যুত্থানের এক বছর উদ্যাপন করতে পারব।”
এসময় আরও বক্তব্য রাখেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ্ আল মুহিম, মো. মহসিন উদ্দিনসহ গাজীপুরের স্থানীয় নেতারা।
এর আগে গাজীপুরে এনসিপির পথসভাকে সামনে রেখে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এসময় রাজবাড়ীর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।