এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) অনুরোধে জাতীয় শহিদ মিনারে পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘‘জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট শহিদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল।”
ছাত্রদল সভাপতি বলেন, ‘‘পরবর্তী সময়ে একই দিনে ও একই স্থানে সমাবেশ করতে চায় এনসিপি। পরে এনসিপির পক্ষে থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, ‘‘এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর, সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি তৈরি না হয়, তাই সমাবেশটি শহিদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ।”
রাকিব আরও বলেন, ‘‘তাছাড়া আমরাই যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও একটি উদার, গণতান্ত্রিক, সহাবস্থানে বিশ্বাসী, পরমতসহিষ্ণু, গ্রহণযোগ্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
ছাত্রদল সভাপতি এসময় আরও বলেন, ‘‘আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। তবে আমরা কাঁটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উসকানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি, আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘‘গত জুলাই আগষ্টে আন্দোলনে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক কর্মচারীদের বিচার না হওয়ার আগে এমন নির্বাচন আয়োজন কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরও আমরা তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে ৪০টির বেশি সংস্কারের সুপারিশ করেছি, সেখান থেকে মাত্র ৪টি সংস্কার সুপারিশ তারা আমলে নিয়েছে।”