এনসিপি: আগামীকাল শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা

এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) আগামীকাল রবিবার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ‘‘নতুন বাংলাদেশের ইশতেহার’’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর এনসিপির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

এনসিপি জানিয়েছে, “আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।”

এনসিপির এই পোস্টের মন্তব্যের ঘরে দলটির নেতা-কর্মীদের উদ্দেশে আরও একটি বার্তা যুক্ত করে দেওয়া হয়। এই বার্তাটিও এনসিপির অফিসিয়াল পেজ থেকেই দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, “সারাদেশের নেতা-কর্মীদের উদ্যেশ্যে-

বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।

২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহিদ মিনারেই আগামী ৩ আগস্ট, রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

আগামীকাল ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই ৬৪ জেলা থেকে এনসিপির নেতা-কর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইলো। প্রতিটি জেলা, উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক পোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হলো।

আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।” বার্তাটি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার বরাতে প্রচার করা হয়েছে।

এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘‘৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।’’