নিশ্চিত হলো মেসিদের ভারত সফর, খেলবেন কেরালায়

অক্টোবর ও নভেম্বরে যুক্তরাষ্ট্র ও অ্যাঙ্গোলার সঙ্গে ভারত সফরে যাবে আর্জেন্টিনা, দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও ক্লারিন আগেই জানিয়েছে। এবার সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এ নিয়ে এএফএর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে সফরে বের হবে মেসিরা। আগামী ৬ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবে তারা। এরপর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালা সফর করবে আর্জেন্টিনা দল। তবে এসব প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।

এদিকে অক্টোবরে সফরে যাওয়ার আগে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিওনেল স্কালোনির দল আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মেসিদের কেরালা সফরে প্রীতি ম্যাচের ভেন্যু হতে পারে কোচি। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আদবুরাহিমান আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়ে বলেছেন, ‘‘২০২৫ সালের নভেম্বরে কেরালায় খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি ও তার দল।’’

এর আগে সর্বশেষ ২০১১ সালের সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা। কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দলটি।