বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা ফুটবল দল সমর্থক গোষ্ঠী।
এসময় সমর্থকরা প্রিয় দলের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি এবারেও তারা বিশ্বকাপ জিতবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। সেই সঙ্ড়ে অন্য দলের সমর্থকদের নানা কটাক্ষ করতেও শোনা যায়।
শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে হিলি স্থলবন্দরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
এসময় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা বাংলাদেশি জাতীয় পতাকাসহ তাদের প্রিয় দলের পতাকা হাতে নিয়ে ও জার্সি পরে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া নেওয়া তারেক হোসেন বলেন, “আর কিছুদিন পরে আমাদের ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। সেই বিশ্বকাপে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে।”
মিছিলে অংশ নেওয়া ক্ষুদে ভক্ত রাকিব হোসেন বলেন, “আমার আর্জেন্টিনা দলের খেলা ভালো লাগে, আমি আর্জেন্টিনা ফুটবল দলকে মন থেকে ভালোবাসি। আমরা কাপ দেখে আর্জেন্টিনাকে ভালোবাসি না। আজকে আমি বাবার সঙ্গে মিছিলে আসছি, আমরা অনেক আনন্দ করতেছি আমরা, আনন্দ উল্লাস করতেছি, সকলকে ধন্যবাদ।”
হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন মিছিলে অংশ নিয়ে বলেন, “আগামী ১২ তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। আমরা আসলে কোনো দেশকে, কোনো জাতিকে সমর্থন করিনা, আমরা সমর্থন করি ফুটবল টিমকে। আমরা মেসি ভক্ত, আমরা আর্জেন্টিনা টিমের ভক্ত। আমরা কারও প্রতি কোনও রকম বিদ্বেষ বা হিংসাত্মক কথা বলব না।”