ফুটবল বিশ্বকাপ: ব্রাজিল ও আর্জেন্টিনা সেতু বানালো ভক্তরা 

চলতি মাসে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ ২০২৬। বিশ্বকাপকে ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দলকে সমর্থন জানাতে ইতোমধ্যে দেশের বিভিন্ন শহরের অলিগলি, পাড়া-মহল্লা ও  স্থানে শুরু হয়েছে সাজসজ্জা, পতাকা টানানো এবং নানা আয়োজন। 

বিশেষ করে রাঙামাটির আসামবস্তি এলাকায় কাপ্তাই হ্রদের ওপর পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি সেতু এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের কাছে একটি ‘ব্রাজিল সেতু’ এবং অন্যটি ‘আর্জেন্টিনা সেতু’ নামে পরিচিত। 

শনিবার (৬ জুন) সরেজমিনে দেখা যায়, রাঙামাটির আসামবস্তি এলাকায় একটি সেতু সেজেছে ব্রাজিলের হলুদ-সবুজ রঙে, অন্যটি আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেতু দুটিকে ঘিরে বাড়ছে দর্শনার্থী এবং  সমর্থকদের ভিড়। 

আয়োজক ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও উৎসবের নাম। তাই বিশ্বকাপকে ঘিরে তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে চান। 

বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকেরা। শোভাযাত্রার গন্তব্য ছিল আসামবস্তির ‘ব্রাজিল ব্রিজ’। এতে ২ শতাধিক মোটরসাইকেলে প্রায় ৪ শতাধিক সমর্থক অংশ নেন।