মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা

মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হলেও শেষ পর্যন্ত তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রাখা হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়সূচক ছক্কা মেরে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেন মিরাজ। তবে ম্যাচ চলাকালে বাউন্সারের আঘাতে মাথায় চোট পান তিনি। ম্যাচ শেষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দুই দফা স্ক্যান করানো হলেও কোনো জটিলতা ধরা পড়েনি। প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার বাসায় ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটি বাউন্সারের আঘাত লাগে, এরপর কিছুটা বমিও হয়েছিল। বিষয়টি চিন্তার কারণ ছিল। তাই ম্যাচ শেষে বিসিবির ডাক্তার ও ফিজিওরা দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।”

দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য টাইগারদের।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল,

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।