দেশজুড়ে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের তুমুল উন্মাদনার আবহে এবার জানা গেল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দলের কথা। সরাসরি কোনো দেশের নাম মুখে না আনলেও তার দেওয়া একটি বিশেষ ইঙ্গিত ধরে নেটিজেন ও ফুটবলপ্রেমীদের বুঝতে বাকি নেই যে এবারের বিশ্বকাপে তার প্রিয় দল কোনটি।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার একপর্যায়ে অবধারিতভাবেই সামনে আসে বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ। এ সময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।”
সাংবাদিকের এই হাসিমুখের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও বেশ রসাত্মক ও কৌশলী উত্তর দেন। তিনি সরাসরি কোনো দলের নাম উচ্চারণ না করে মৃদু হেসে বলেন, “আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।”
প্রধানমন্ত্রীর এই চটজলদি মন্তব্য সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল তোলে এবং তার পছন্দের দলের বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যায়।
প্রধানমন্ত্রীর এই আকার-ইঙ্গিতের সূত্র ধরে তার ব্যক্তিগত জীবনের পটভূমি বিশ্লেষণ করলেই উত্তরটি অনায়াসে মিলে যায়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান শুরু করেন। বিগত রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তাঁকে প্রবাসেই কাটাতে হয়।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন পেরিয়ে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। যেহেতু জীবনের এক সুদীর্ঘ সময় এবং প্রায় দেড় দশকেরও বেশি সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন, তাই ব্রিটিশ ফুটবল সংস্কৃতি ও দলটির প্রতি তার একটি বিশেষ ভালো লাগা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। ফলে প্রধানমন্ত্রী যে এবারের বিশ্বকাপে হ্যারি কেন ও বুকায়ো সাকাদের ‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড দলকেই মনেপ্রাণে সমর্থন করছেন, তা নেটিজেন ও ফুটবলপ্রেমীদের কাছে এখন পরিষ্কার।