ফুটবল বিশ্বকাপের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা, মেসি সে লড়াইয়ের সম্মুখসারির যোদ্ধা। যোদ্ধাদের যে চ্যালেঞ্জের শেষ নেই! মেসিও তাই নামবেন, নতুন করে নিজেকে প্রমাণ করতে, আর্জেন্টিনার মুখে ফুটে থাকা হাসিটুকু ধরে রাখতে, টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাস লেখার দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে।
বুধবার (১৭ জুন) ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। মাঠে নামলেই টানা ছয়টি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার বনে যাবেন মেসি। অবশ্য, এদিন রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের জার্সিতে আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো নামলে, রেকর্ডটি তখন হয়ে যাবে দুজনের।
গত এক যুগেরও বেশি সময় ধরে, দুজনে পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ফুটবল বিশ্বকে। দুজনেই শুনতে পাচ্ছেন, বিদায়ের সুর। এই জুনের শেষের দিকে, ২৪ তারিখে ৩৯ বছর হবে মেসির।
জাদুকরী বা পায়ে রোমাঞ্চের রেণু মেসি ছড়ান ২০২২ বিশ্বকাপেও। গোল করেন সাতটি। লুসাইলের ফাইনালে ফ্রান্সের জালে জোড়া গোলের পর টাইব্রেকারে প্রথম শটেও পান জালের দেখা। ১৯৮৬ সাল থেকে চলা খরা ঘুচিয়ে, ৩৬ বছর পর বিশ্বকাপ উঁচিয়ে ধরে আর্জেন্টিনা।
মরুভূমির আসরে ব্যক্তিগত নৈপুণ্যের আলোকছটায় মেসি প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি প্রথমবার। যদিও সেবার স্বপ্ন ভঙ্গের হতাশায় তিনি পুড়েছিলেন, ফাইনালে জার্মানির কাছে হেরে।
কাতার বিশ্বকাপে আগে-পরে ক্লাব ক্যারিয়ারে ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে হয় মেসিকে। এই সময়ে প্রিয় বার্সেলোনাকে বিদায় বলে তিনি তুলে নেন পিএসজির জার্সি। সেটাও গায়ে জড়িয়ে রাখতে পারেননি বেশি দিন।
২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দলটির হয়ে এরই মধ্যে জিতেছেন লিগ শিরোপা, ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন মেজর সকার লিগের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) অ্যাওয়ার্ড জিতে।