আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাকের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নরওয়ে। ক্যারিয়ারে এটাই হালান্ডের প্রথম বিশ্বকাপ গোল। এর মাধ্যমে ২৬ বছর পর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া নরওয়ে দুর্দান্ত সূচনা করেছে।
বস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে পোস্টের কাছ থেকে বল জালে জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। তবে আয়মেন হুসেইনের শক্তিশালী হেডে ইরাক সমতায় ফেরে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইরাকের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নিয়ে আবারও গোল করেন হালান্ড। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়ালো ৫১ ম্যাচে ৫৭টি।
বেঞ্চ থেকে নামার কিছুক্ষণ পরই লিও অস্টিগার্ড হেড করে নরওযয়ের তৃতীয় গোল করেন, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এই জয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘আই’-এর শীর্ষে উঠে এসেছে নরওয়ে। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। দিনের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফরাশিরা।
আগামী ২২ জুন নিউ জার্সিতে আফ্রিকান শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে।
বিশ্বকাপে পৌঁছানোর পথটি ছিল ইরাকের জন্য সবচেয়ে দীর্ঘ ও কঠিন। মার্চ মাসে ৮৬৭ দিনব্যাপী ২১ ম্যাচের বাছাইপর্ব শেষে ৪৮তম ও সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।
প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা আয়মেন হুসেইন পরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেশটির অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং কয়েক ঘণ্টা আটক থাকেন। ১৯৮৬ সালের পর এটিই ইরাকের প্রথম বিশ্বকাপ।
নরওয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। বর্তমান কোচ স্টেল সোলবাকেন ঐ দলের সদস্য ছিলেন। সেই আসরে তারা গ্রুপ পর্বে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল।