ফুটবল বিশ্বকাপে কি কোনোদিন খেলতে পারবে ভারত? বিশ্বকাপ শুরু হলেই ভারতীয় ফুটবল সমর্থকদের মনে এই প্রশ্ন ফিরে আসে। কারণ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে এখনো জায়গা করে নিতে পারেনি বৃহৎ এই শক্তিশালী দেশটি।
ভারতের পুরুষ জাতীয় ফুটবল দল, যাদের ব্লু টাইগার্স নামে ডাকা হয়, তারা কখনোই এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রাথমিক ধাপের বেশি এগোতে পারেনি।
তবে বিষয়টি কিছুটা বিদ্রূপাত্মকও। কারণ পশ্চিমবঙ্গ, কেরালা ও গোয়ার মতো ফুটবলপ্রেমী রাজ্যগুলোতে বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেলেও বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের কোনো প্রতিনিধিত্ব নেই।
চারটি বিশ্বকাপ কভার করা এক ভারতীয় ক্রীড়া সাংবাদিক মজা করে বলেন, “প্রেস বক্সে প্রায়ই আমাদের জিজ্ঞেস করা হয় ভারত কি ফুটবল খেলে? বেশিরভাগ মানুষই ভারতকে ক্রিকেট খেলা দেশ হিসেবেই চেনে।”
শুধু ভারত নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীনও বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। তবে ফিফা এই দুই দেশের বাজারের গুরুত্ব ভালোভাবেই বোঝে। তাই সম্প্রচার স্বত্ব নিশ্চিত করতে ফিফা বিশেষ প্রতিনিধি দলও ভারতে পাঠিয়েছিল।
ভারতের সাবেক অধিনায়ক এবং দেশটির অন্যতম সেরা ফুটবলার বাইচুং ভুটিয়া মনে করেন, এটি অসম্ভব নয়। তবে এর জন্য কোনো শর্টকাটও নেই।
তিনি বলেন, “হ্যাঁ, ভারত অবশ্যই বিশ্বকাপে খেলতে পারে। এখন ৪৮ দলের বিশ্বকাপে এশিয়ার জন্য আটটি সরাসরি স্থান রয়েছে। উজবেকিস্তান ও জর্ডানের মতো দলও খেলছে। তবে এর জন্য অনেক কঠোর পরিশ্রম প্রয়োজন।”
তিনি বলেন, “ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দলীয় খেলা। কিন্তু আমাদের শক্তিশালী তৃণমূল কর্মসূচি নেই। তাই ফল পেতে সময় লাগবে।”