ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করে ‘কথা রাখলেন’ আর্জেন্টাইন সমর্থক!

১৯ জুন ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছিলেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে নিজের মাথা ন্যাড়া করবেন। কথা রেখেছেন সেই আর্জেন্টাইন সমর্থক!

শনিবার (২০ জুন) সকালে হাইতির বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত জয়ে সত্যি সত্যি স্বেচ্ছায় নিজের চুল কেটে ফেলেন পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি। পুরো ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের মতে, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও নিজের দেওয়া কথা রাখায় রাফি প্রশংসিত হয়েছেন। অনেকেই বিষয়টিকে খেলাধুলার সৌন্দর্য এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “রাফি ফেসবুক লাইভে বলেছিল ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সে নিজের কথা রেখেছে।”

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। কথা রাখতে পেরে ভালো লাগছে।”