শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘শেষ বত্রিশ’- এর শ্বাসরুদ্ধকর লড়াই। ৩২ দলের মধ্য থেকে বিদায় নিয়েছে অর্ধেক দলই; টিকে আছে কেবল ১৬টি। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তির নাটকীয় বিদায় কিংবা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ঘামঝরানো জয় - সব মিলিয়ে নকআউটের প্রথম পর্বেই জমে উঠেছে বিশ্বমঞ্চ। এবার শুরু হচ্ছে ‘শেষ ষোলো’ র মহাযুদ্ধ, যেখানে প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য ‘বাঁচা মরার’ লড়াই।
শনিবার (৪ জুলাই) রাত থেকে শুরু হয়ে এই পর্বের আটটি ম্যাচ চলবে আগামী ৮ জুলাই ভোর পর্যন্ত। এরপর একদিনের বিরতি দিয়ে ৯ জুলাই থেকে পর্দা উঠবে কোয়ার্টার ফাইনালের।
এক নজরে শেষ ষোলোর সময়সূচি ও ম্যাচের সমীকরণ (বাংলাদেশ সময়)
কানাডা বনাম মরক্কো (৪ জুলাই, রাত ১১:০০ টা): দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে জিতেছে কানাডা। তবে কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদের পেরোতে হবে মরক্কোর বাধা, যারা টাইব্রেকারে ডাচদের বিদায় করেছিল।
প্যারাগুয়ে বনাম ফ্রান্স (৪ জুলাই, দিবাগত রাত ৩:০০ টা): টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। এবার তাদের থামানোর মিশনে নামছে কিলিয়ান এমবাপ্পের দারুণ ফর্মে থাকা ফ্রান্স।
ব্রাজিল বনাম নরওয়ে (৫ জুলাই, দিবাগত রাত ২:০০ টা): জাপানকে হারিয়ে শেষ ষোলোতে আসা ব্রাজিলের সামনে এবার আর্লিং হালান্ডের নরওয়ে। ইতিহাস অবশ্য সেলেসাওদের পক্ষে কথা বলছে না, কারণ নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল।
মেক্সিকো বনাম ইংল্যান্ড (৬ জুলাই, সকাল ৬:০০ টা): টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হচ্ছে হ্যারি কেইনের ইংল্যান্ডের। ঘরের মাঠে মেক্সিকানদের রক্ষণ ভাঙা ইংলিশদের জন্য বড় পরীক্ষা।
পর্তুগাল বনাম স্পেন (৬ জুলাই, দিবাগত রাত ১:০০ টা): শেষ ষোলোর সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে এবার শিরোপার অন্যতম দাবিদার স্পেন।
যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (৭ জুলাই, সকাল ৬:০০ টা): স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে শক্তিশালী বেলজিয়ামের চ্যালেঞ্জ। তবে লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে পাবে না মার্কিনিরা।
আর্জেন্টিনা বনাম মিসর (৭ জুলাই, রাত ১০:০০ টা): কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় হারিয়ে আসা আর্জেন্টিনার প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিসর, যারা প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে ইতিহাস গড়েছে।
সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (৭ জুলাই, দিবাগত রাত ২:০০ টা): আলজেরিয়াকে বিদায় করা সুইজারল্যান্ড ও ঘানাকে হারানো কলম্বিয়ার ম্যাচটি দিয়েই পর্দা নামবে শেষ ষোলোর লড়াইয়ের।