২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই রেফারি।
ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন ভিনচিচ। ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপে অভিষেকের পর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন ভিনচিচ। চলতি আসরে তিনি গ্রুপ পর্বের ব্রাজিল–মরক্কো ও জর্ডান–আলজেরিয়া ম্যাচ এবং শেষ বত্রিশে মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। আর্জেন্টিনা–স্পেন ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং এবারের আসরে চতুর্থ।
আর্জেন্টিনার ম্যাচে এর আগে একবারই দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল লিওনেল মেসির দল। ওই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসের ওপর ফাউলের ঘটনায় পেনাল্টি দেন ভিনচিচ, যেখান থেকে গোল করেছিলেন মেসি।
স্পেনের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে এই স্লোভেনিয়ান রেফারির। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু করে তিনি ২০২০ ইউরোয় স্পেন–সুইডেন এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন–ইতালি ম্যাচ পরিচালনা করেন।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গেও ভিনচিচের স্মরণীয় দুটি ম্যাচ রয়েছে। ২০২৪ ইউরোয় ইতালির বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয় এবং সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারানোর ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচেই দুর্দান্ত দূরপাল্লার গোলে আলোচনায় আসেন ইয়ামাল।
এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে নিজের ক্যারিয়ারে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন স্লাভকো ভিনচিচ।