বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও গলায় ঝোলানো স্বর্ণপদকে। এবার সেই স্মৃতির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। ফুটবলের সবচেয়ে বড় আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম বিজয়ী দলের জন্য এ ধরনের বিশেষ রিং চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল ও এমএলবির মতো জনপ্রিয় পেশাদার লিগে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। উত্তর আমেরিকায় আয়োজিত ফিফার এ আসরের মধ্য দিয়ে সেই সংস্কৃতিই ফুটবলেও যুক্ত হচ্ছে।
ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে মোট ২,০২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।
রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। যিনি এর মালিক হবেন, তার আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে, সঙ্গে থাকবে সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
এবারের ফাইনালে আর্জেন্টিনা চতুর্থ শিরোপার এবং স্পেন দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। যে দলই চ্যাম্পিয়ন হোক, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল, যাদের আঙুলে উঠবে ফিফার নতুন এই ‘চ্যাম্পিয়নশিপ রিং’।