স্পেন নাকি আর্জেন্টিনা? চাঞ্চল্যকর তথ্য দিলো এআই

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেনের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাসে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে স্পেন।

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন আক্রমণভাগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেয় স্প্যানিশ রক্ষণভাগ।

অন্যদিকে আর্জেন্টিনা নকআউট পর্বে একাধিক কঠিন পরীক্ষা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট পায় আলবিসেলেস্তেরা।

ফাইনাল নিয়ে মাইক্রোসফট কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে। কপিলটের মতে, পুরো আসরে স্পেনের শক্তিশালী রক্ষণ, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং কম গোল হজম করার সামর্থ্য তাদের সবচেয়ে বড় শক্তি। বিপরীতে আর্জেন্টিনার মাঝমাঠ তুলনামূলকভাবে কিছুটা দুর্বল বলে মূল্যায়ন করেছে এআই।

তবে লিওনেল মেসির উপস্থিতিকেও বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছে কপিলট। তাদের মতে, মেসি একাই যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এমনকি ম্যাচটি অতিরিক্ত সময়েও গড়াতে পারে। তারপরও সামগ্রিক দলগত পারফরম্যান্স ও রক্ষণভাগের দৃঢ়তার কারণে স্পেনকেই এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

কপিলটের সম্ভাব্য স্কোরলাইন অনুযায়ী, স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।

এদিকে সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডার রদ্রিকেই বেছে নিয়েছে কপিলট। এআইয়ের ধারণা, মাঝমাঠে প্রভাব বিস্তার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ তারকা।