২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠায় লিওনেল স্কালোনির দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই তারকা।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ডি মারিয়া লেখেন, ‘‘আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছি। আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।’’
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে আর্জেন্টিনা একটি বিশেষ কীর্তিও গড়েছে। কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে লিওনেল স্কালোনি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে পরপর দুইবার ফাইনাল খেলেছিল।
বর্তমান প্রজন্মের ফুটবলারদের প্রশংসা করে ডি মারিয়া আরও লেখেন, ‘‘এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’’
২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা চারটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং প্রতিটিতেই শিরোপা জিতেছে। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালিসিমা।
এই সাফল্যগুলোর প্রতিটিতেই গুরুত্বপূর্ণ অবদান ছিল ডি মারিয়ার। জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোল, অ্যাসিস্ট এবং ম্যাচজয়ী পারফরম্যান্সে তিনি আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতেই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানেন তিনি।
এবারের বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল মেসির দল।