সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মেসির দল। তবে এ হার মেনে নিতে পারছে না আর্জেন্টিনা সমর্থকরা। দলটির কিছু সমর্থক ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন শুরু করেছেন।
এরইমধ্যে ওই পিটিশনে সাক্ষর করেছেন ৮০ হাজারের বেশি মানুষ।
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চেঞ্জ ডট অর্গে (change.org) আবেদনটি গিজেলা সানচেজ নামে এক সমর্থক চালু করেন।
ফাইনালে রেফারি হিসেবে দায়িত্বপালন করা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভুল করেছেন বলে ওই পিটিশনে দাবি করা হয়েছে।
এ কারণে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে বলে তাদের অভিযোগ। পিটিশনে রেফারিংয়ের বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
যদিও ফিফার মতে, অনলাইন পিটিশনের কারণে কোনো ম্যাচ পুনরায় আয়োজনের বিধান নেই।
এর আগে, স্পেনের বিপক্ষে সেমিফাইনালের পর ফ্রান্সের কিছু সমর্থকও বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন চালু করেন।