রোনালদো-জর্জিনার বিয়ের খবরে ক্যাথেড্রালে ভিড়, শেষে যা হলো

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। রোনালদো ও জর্জিনাকে একঝলক দেখার আশায় সেখানে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাদের।

শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ফুনশাল ক্যাথেড্রালের সামনে এই ভিড় দেখা যায়। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে ভিড় জমে।

তবে সেদিন ক্যাথেড্রালে বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের এক যুগল। নিকোলের ক্যাথেড্রালে প্রবেশের সময় রাস্তার দুই পাশে শত শত মানুষ জড়ো হয়ে ছিলেন। কনেকে দেখে তখনই তাদের ভুল ভাঙে।

বিষয়টি পরে নিশ্চিত করেছে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল।

আরেক পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। বিপুল মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য ক্যাথেড্রালে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল।

রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনের সূত্রও অবশ্য বেশ জোরালো ছিল। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, শনিবার মাদেইরায় বিয়ে করতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। প্রতিবেদনে শুধু বিয়ের তারিখ ও স্থান নয়, সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং সম্ভাব্য অতিথিদের তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। পরে আরও কয়েকটি গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়।

তবে শেষ পর্যন্ত সেই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে মজাও করেছেন রোনালদো। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফুনশাল ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি প্রকাশ করা হলে সেখানে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান আল নাসর তারকা।