প্রায় এক দশকের সম্পর্কের পর ১১ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেন তারা। বিয়ের পর এবার আলোচনায় এসেছে তাদের বৈবাহিক চুক্তি ও সম্পত্তির শর্ত।
মেক্সিকান প্রকাশনা এন পারেজা-র প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জর্জিনা ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিয়ে করেছেন। এর ফলে দুজনই নিজেদের সম্পদ, আয় ও বিনিয়োগের ওপর পৃথকভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন। বিয়ের আগে কিংবা বিয়ের সময় অর্জিত সম্পদও স্বয়ংক্রিয়ভাবে যৌথ সম্পত্তিতে পরিণত হবে না।
এই ব্যবস্থার আওতায় রোনালদোর চুক্তি, এন্ডোর্সমেন্ট ও ব্যবসা থেকে অর্জিত আয় তার নিজস্ব সম্পদ হিসেবেই থাকবে। সৌদি প্রো লিগে তার আয় কিংবা হোটেল ব্যবসাসহ অন্যান্য বিনিয়োগও এর আওতায় পড়বে।
তবে পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ের নথিতে বিচ্ছেদ হলে কার্যকর হবে, এমন কিছু বিশেষ শর্তও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের আবেদন করা হলে জর্জিনা রোনালদোর কাছ থেকে প্রতি মাসে এক লাখ ইউরো ভাতা পাবেন। পাশাপাশি মাদ্রিদের লা ফিনচায় অবস্থিত তাদের বিলাসবহুল বাড়িটির পূর্ণ মালিকানাও জর্জিনার কাছে চলে যাবে। বাড়িটির বর্তমান মূল্য ৫০ লাখ ডলারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে রোনালদো-জর্জিনার পাঁচ সন্তান ছাড়াও তাদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে সাক্ষী হিসেবে ছিলেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ।