ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির মেজো ছেলে মাতেও মেসি বাবার ফুটবলীয় ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন। মাঠের নৈপুণ্য, ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ের পাশাপাশি এবার নেতৃত্বের গুণে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন এই ১০ বছর বয়সী খুদে তারকা। তরুণ অধিনায়ক হিসেবে ইন্টার মিয়ামি একাডেমি দলকে মর্যাদাপূর্ণ ‘ন্যাপলস কাপ’-এর শিরোপা জিতিয়েছেন মাতেও।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ন্যাপলসে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইন্টার মিয়ামির অনূর্ধ্ব দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন মাতেও মেসি। টুর্নামেন্টজুড়ে মাঝমাঠ ও আক্রমণভাগে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে পুরো দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
ফাইনালে জয় নিশ্চিত হওয়ার পর মাতেওর ট্রফি উঁচিয়ে উদযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে অনূর্ধ্ব দলের ট্রফি হাতে হাসিমুখে সতীর্থদের সঙ্গে উল্লাস করতে দেখা যায়।
লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুচ্ছো দম্পতির দ্বিতীয় সন্তান মাতেও তার চঞ্চল স্বভাব এবং বাবার মতো সহজাত ফুটবল প্রতিভার জন্য ক্রীড়াপ্রেমীদের কাছে আগে থেকেই জনপ্রিয়। এর আগেও একাডেমি ফুটবলে তার চোখধাঁধানো হ্যাটট্রিক ও ড্রিবলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছিল।
ইন্টার মিয়ামি একাডেমিতে মাতেওর এই ট্রফি জয়কে তার পেশাদার ফুটবল যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্ব ফুটবলের সমর্থকেরা মাতেওর এই সাফল্যকে মেসির ফুটবলীয় উত্তরাধিকারের এক নতুন দিগন্ত হিসেবে বর্ণনা করছেন।