জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। গ্রুপ পর্বের চার ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে তারা।
শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দেখিয়েছে আরও একবার নিজেদের আধিপত্য। চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি ৬-০ গোলে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচে গোলের সূচনা করেন অধিনায়ক শারিকা রিমন। এরপর আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুটি করে গোল করে ব্যবধান বাড়ান। বাংলাদেশের হয়ে অপর গোলটি আসে কনা আক্তারের স্টিক থেকে। ছয় গোলের মধ্যে একটি ছিল পেনাল্টি কর্নার থেকে, অন্য পাঁচটি এসেছে ফিল্ড গোল হিসেবে। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন কনা আক্তার।
১০ দলের এই প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুলের সেরা তিন দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তান ও কাজাখস্তান।
অন্যদিকে, এলিট পুলে রয়েছে স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। এই পাঁচ দলের সঙ্গে চ্যালেঞ্জার পুলের তিন দল মিলিয়ে গঠিত হয়েছে শেষ আটের লাইনআপ।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ কোরিয়া অথবা জাপান। অর্থাৎ গ্রুপ পর্বে সহজ জয় পেলেও শেষ আটে অপেক্ষা করছে তুলনামূলক কঠিন পরীক্ষা।
হংকং ম্যাচ জয়ের পরও কোচ জাহিদ হোসেন দলের পেনাল্টি কর্নার নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। তার মতে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জায়গায় আরও উন্নতি প্রয়োজন।
কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পেনাল্টি কর্নারে করা ভুলগুলো যেন না থাকে, সেদিকেই এখন নজর দিচ্ছে বাংলাদেশ দল।