মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির এবারের আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলে জিতেছে লাল-সবুজের দল।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোল পায়নি তারা। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য সমতায় ছিল।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক সারিকা রিমন। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান বাড়ান কনা আক্তার। তার ফিল্ড গোলে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের ৫৯ মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তে আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই আসরের গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব পার করে দলটি।
কোয়ার্টার ফাইনালে অবশ্য জাপানের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ওই হারের সঙ্গে শেষ হয়ে যায় আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। প্রথমবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হতো।
তবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি অংশ নেবে। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ বিশ্বকাপের টিকিট পেলে একই মহাদেশের আরেকটি দল সুযোগ পায়। পঞ্চম স্থান অর্জন করায় সেই সুযোগ বাংলাদেশের সামনে আসতে পারে।