চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে লজ্জাজনক হারের মুখে পড়েছে ভারত। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের জালে গুনে গুনে ২৭টি গোল দিয়েছে আফ্রিকান দেশ বেনিনের যুবারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের এই একপেশে ম্যাচে ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করে বেনিন।
পুরো ম্যাচজুড়েই বেনিনের ধারালো আক্রমণের মুখে এক মুহূর্তের জন্যও প্রতিরোধ গড়তে পারেনি ভারতীয় রক্ষণভাগ। বিজয়ী দলের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকে ৪টি করে গোল অর্জন করেন। এছাড়া ইজুদিন বুকারি একাই করেন দুর্দান্ত হ্যাটট্রিক। দলটির আক্রমণের ঝড়ে দিশেহারা হয়ে ভারতীয় খেলোয়াড়েরা নিজেদের জালে দুটি আত্মঘাতী গোলও উপহার দেন।
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল দলটি। ভারতকে এই বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ শেষে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ, যার বিপরীতে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যে শেষ ষোলোর টিকিটও নিশ্চিত করেছে বেনিন।
গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা বেনিন। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এই লড়াইয়ের বিজয়ী দলটিই নির্ধারণ করবে গ্রুপের শীর্ষস্থান কার দখলে যাচ্ছে।