নিরাপত্তাশঙ্কায় কাতারে অনুষ্ঠেয় ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টকে সামনে রেখে দলের নির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাক্-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প বাতিল এবং বিশ্বকাপ থেকে দল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কাতার ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা তৃতীয় স্তরের সতর্কতা এবং দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করেছে ফেডারেশন।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বুধবারের মধ্যেই খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবকে সিদ্ধান্তের বিষয়টি জানাতে বলেছে। একইসঙ্গে ফিফা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর আগপর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে খেলোয়াড়দের অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিফা।
গত মাসে কাতার ভ্রমণসংক্রান্ত সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও তুলে ধরা হয়।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
গত বছরও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে জায়গা করে নেয় দলটি। ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার।