এক দিন আগেও গুঞ্জন ছিল তাসকিন আহমেদ দলে থাকবেন কিনা। আর এখন তিনি শুধু দলে আছেন তাই নয়, সঙ্গে পেয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বও।
মঙ্গলবার (১৪ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি।
এতে তাসকিনকে অধিনায়ক নাজমুল হোসেনের ডেপুটি করা হয়েছে।
তাসকিন কেন এলেন এই দায়িত্বে, সেই বিষয়ে গাজী আশরাফ হোসেন বলেন, ‘‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’’
বিশ্বকাপে তাসকিনকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা করছে বিসিবি এমনটা জানিয়ে তিনি বলেন, ‘‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’’
ঘোষিত দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে মাঠে নামাবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাসকিনের চিকিৎসা চলবে। তাসকিন সুস্থ না হলে সেখানে জায়গা পাবেন হাসান।
গাজী আশরাফ হোসেন বলেন, ‘‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’’