ইতালিয়ান কাপ জয়ের দুই দিন পর কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। ম্যাচের একেবারে শেষ ভাগে ম্যাচ অফিসিয়ালের সাথে খারাপ আচরনের জেড়ে লাল কার্ড দেখতে হয়েছিল আলেগ্রিকে। আর এতেই কপাল পুড়েছে অভিজ্ঞ এই কোচের। আর মৌসুমের বাকি সময় জুভেন্টাস সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে পাওলো মন্টেরোকে।
এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়, ইতালিয়ান কাপের ফাইনালের পর বিশেষ করে ওই আচরণের জন্য ক্লাব উপলব্ধি করেছে এই ধরনের বিষয় ক্লাবের মূল্যবোধের সাথে বেমানান।
রবিবার ক্লাবের বিবৃতিতে বলা হয়, পাওলো মন্টেরো মৌসুমের বাকি সময়টিতে সিরি এ দল জুভেন্টাসের দায়িত্ব নেবেন।
জুভেন্টাসের অনূর্ধ্ব-১৯ দলের কোচ মন্টেরো। তিনি সোমবার বোলোগনায় ও ২৬ মে ঘরের মাঠে মনজার বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচ পরিচালনা করবেন।
৫২ বছর বয়সী উরুগুইয়ান ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে ডিফেন্ডার হিসেবে খেলে চারটি সেরি এ শিরোপা জিতেছেন।
ক্লাব এক বিবৃতিতে বলেছে, “পাওলো জুভেন্টাস কিংবদন্তি। প্রথমত, মাঠের খেলোয়াড় হিসেবে এবং বেঞ্চে দীর্ঘদিন ধরে ক্লাবের ডিএনএ ধারণকারীদের একজন হিসেবে।”
“শুভেচ্ছা, পাওলো!”
শেষ ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করা জুভেন্টাস এই মুহূর্তে সিরি-এ লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। সোমবার তাদের প্রতিপক্ষ বোলোনিয়া, উভয় দলই ৬৭ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
এদিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল ইতোমধ্যেই আলেগ্রির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সরাসরি লাল কার্ডের জন্য এমনিতেই আলেগ্রি দুই ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু এখন ধারনা করা হচ্ছে তার শাস্তির মাত্রা হয়তো আরো বাড়তে পারে।