নিলামে জিদান-রামোস-রোনালদোদের লকার, জেনে নিন দাম

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য বড় এক সুখবর যেন। সমর্থকরা চাইলেই এখন প্রিয় ক্লাবের কোনো ঐতিহাসিক জিনিসপত্র নিজেদের সংগ্রহে রাখতে পারবেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলারদের লকারগুলো নিলামে তুলেছে ক্লাবটি। এখন সমর্থকরা চাইলেই সেগুলো নিজেদের করে নিতে পারবেন। এ তালিকায় রয়েছে- জিনেদিন জিদান, লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড ব্যাকহাম, সার্জিও রামোসসহ আরও অনেক তারকা খেলোয়াড়ের। তারা এক সময় স্যান্টিয়াগো বার্নাব্যুর এই ড্রেসিংরুম ব্যবহার করতেন।

এএফপির তথ্য মতে, প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা)। সমর্থকরা দর কষাকষির মাধ্যমে তা সর্বোচ্চ কত দামে তোলেন তা এখন দেখার বিষয়।

ঘরের মাঠ বার্নাব্যু পুনর্নির্মাণের পর ড্রেসিংরুমের কিছু জিনিস নিলামে তুলেছে স্প্যানিশ এই ক্লাবটি। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান সথবির মাধ্যমে এগুলো নিলামে তোলা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০০২-২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা ২৪টি লকার নিলামে তুলেছে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লকারগুলো ২০০১ থেকে ২০২২ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। বার্নাব্যু পুনর্নির্মাণের সময় এসব লকার সরিয়ে ফেলা হয়েছিল। নিলামে তোলা লকারগুলোর মধ্যে ২০২১-২২ মৌসুমের লকারও আছে। সেবার করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদরিচরা মিলে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতান।

এছাড়াও প্রতিটি লকারের সঙ্গে ক্রেতারা প্রমাণ স্বরুপ যে খেলোয়াড় এটি ব্যবহার করেছিলেন তার তালিকা পাবেন।

এ বিষয়ে সথবির কালেকশন সেলসের প্রধান জর্জ নর্থ বলেন, ‘‘এই লকারগুলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের অসাধারণ একটি সময়কে প্রতিনিধিত্ব করে। আমরা এই প্রথমবারের মতো পুরো লকার রুম কিনে বাজারে নিয়ে এসেছি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের মর্যাদা ও জনপ্রিয়তা এতেই বোঝা যায়।’’