বছরের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তারপরও মেক্সিকোর ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে মায়ামি। তবে ট্রাইবেকারে ৩-২ গোলে নিজেদের জয় নিশ্চিত করে দলটি।
খেলা চলাকালীন সময়ে মেক্সিকান ক্লাবটির ভক্তরা মেসিকে নিয়ে বেশ বিরুপ প্রতিক্রিয়া জানায়। জবাবে বিশ স্বভাববিরুদ্ধ আচরণ করতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই তারকাকে। মেক্সিকান ভক্তদের দুয়োর প্রতিক্রিয়ায় মেসি সে সময় আঙুল দিয়ে ইঙ্গিত করে বুঝাতে চান যে আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে আর মেক্সিকো এখন পর্যন্ত একটিও জিততে পারেনি।
নেভাদায় ম্যাচ চলাকালীন করা মেসির সেই ইঙ্গিতপূর্ণ ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। মেসির এমন আচরণের পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সমালোচনাও চলছে।
সমালোচকদের তালিকায় রয়েছেন মেক্সিকোর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আদোলফ বাউতিস্তা। ২০১৬ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানো বাউতিস্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে বলেন, “একজন খেলোয়াড় হিসেবে আমি আপনার প্রশংসা করি, কিন্তু আমার দেশকে নিয়ে ঠাট্টা করা আপনার পেশাদারিত্ব ও শিক্ষার অভাবকেই দেখিয়ে দেয়।”
উল্লেখ্য, ইন্টার মায়ামি পরের ম্যাচ খেলবে পেরুর ক্লাব ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের বিপক্ষে। ৩০ জানুয়ারি পেরুর রাজধানী লিমার স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।