ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন হামজা-জামালরা

বাংলাদেশে আজ পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। এদিন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকারা। পাশাপাশি তারা ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি। লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগে ফুটবলে অভিষিক্ত হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের জন্য। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় জাতীয় দলের দুই তারকা ফুটবলার সবার মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানালেন।

ভিডিওতে হামজা বলেন, ‘‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’’

জামাল ভিডিওতে বলেন, ‘‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’’

উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সি পরে অভিষেক ঘটে হামজার। স্কোর গোলশূন্য থাকলেও শুরুতেই আলো ছড়িয়েছেন হামজা। ওই ম্যাচের একাদশে ছিলেন না জামাল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১০ জুন ঢাকায়। ওই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজা চৌধুরীর।