জোসে মরিনিওর সঙ্গে যেন বিতর্ক লেগেই থাকে। কিছুদিন পরপর তিনি উদ্ভট সব কাণ্ড করে আলোচনায় আসেন। এবার প্রতিপক্ষ কোচের নাক টিপে দেওয়ার জন্য তাকে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে।
ঘটনার শুরু গত বুধবার। তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তার দল। আর এরপরই মেজাজ হারিয়ে ফেলেন মরিনিও। অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে প্রতিপক্ষের কোচ ওকান বুরুকের নাক টিপে ধরেন তিনি। আর আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। আর এরকম কাণ্ডের পর তাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞাসহ ২ লাখ ৯২,৫০০ লিরা (তুরস্কের মুদ্রা) জরিমানা করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। জরিমানার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৩২ হাজার টাকা।
মরিনিওর সহকারীও ওই ম্যাচে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে অপমান করায় ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, জোসে মরিনিও পরবর্তী ৩ প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও টাচলাইনে থাকতে পারবেন না।