রিয়াল এই মৌসুমে বার্সাকে সামলাতে পারবে না, আগেই বলেছিলেন ইয়ামাল

সেভিলের লা কার্তুহা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ফলে কোপার ৩২তম ট্রফি জয়ের উল্লাসে মেতেছে এই টুর্নামেন্টের রাজারা। এই জয়ের মঞ্চ গড়ার ভূমিকায় ছিলেন লামিন ইয়ামাল। প্রথম দুটি গোল বানিয়ে দিয়েছিলেন।

তবে আরেকটা কৃতিত্ব চাইলেই দাবি করতে পারেন লামিন ইয়ামাল। ফাইনালের আগেই তিনি বলেছিলেন, ম্যাচে যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, শেষ পর্যন্ত বার্সেলোনাই জিতবে। কারণ, রিয়াল এই মৌসুমে বার্সাকে সামলাতে পারবে না।

শিরোপা জয়ের পর মাঠেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়ামাল। তিনি বলেন, “হোটেলে সতীর্থ রোনাল্ড আরাউহোকে আগে বলেছিলাম, যদি রিয়াল মাদ্রিদ এক গোল করে সমস্যা নেই। যদি দুটি গোল করে? তখনও সমস্যা নেই। এই বছর ওরা আমাদের সামলাতে পারবে না।”

কোপা দেল রের আগে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে জিতেছিল বার্সেলোনা। তারও আগে লা লিগায় এল ক্লাসিকোর প্রথম লেগে ইয়ামালদের জয় ছিল ৪–০ গোলে। সেই ম্যাচটি ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

দলের পারফরম্যান্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ হান্সি ফ্লিকও। তিনি বলেছেন, “তারা সব কিছুর জন্য লড়াই করছে। তারা হাল ছাড়ছে না এটাই অবিশ্বাস্য। সবাই এই দলটার জন্য গর্বিত। তারা এর যোগ্যও। এই জয় আমাদের জন্য বিশাল।”