ফিফা ক্লাব বিশ্বকাপ: নতুন খেলোয়াড় দলে ভেড়াতে কে কত খরচ করল

যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বাংলাদেশ সময় রবিবার সকালে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এই আসরে অংশ নিতে চলা ৩২ ক্লাব যেন পছন্দানুযায়ী দল গোছাতে পারে, সে জন্য দলবদলের বিশেষ সুবিধা দিয়েছিল ফিফা।

বিশেষ এই সুবিধায় দলবদলের জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছিল। অর্থাৎ ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ ক্লাবের মধ্যে ২১টিই নতুন খেলোয়াড় ভিড়িয়েছে। এতে ক্লাবগুলোর মোট খরচ হয়েছে ৫,৫৩২ কোটি টাকা।

বরাবরের মতো এবারও নতুন খেলোয়াড় আনতে সবচেয়ে বেশি খরচ করেছে ইউরোপের ক্লাবগুলো। আর এরই মধ্যে শীর্ষে রয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের এই দলটি ৪ খেলোয়াড় ভেড়াতে খরচ করতে হয়েছে ১,৮০৪ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় ম্যান সিটির পরেই রয়েছে চেলসি। ৩ খেলোয়াড় কিনতে দলটির খরচ করতে হয়েছে ৯৯৭ কোটি ৭৪ লাখ টাকা। এর পরেই আছে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা খরচ করেছে ৩৭৭ কোটি টাকা। এরপর একে একে রয়েছে- ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, বোতাফোগো, এফসি পোর্তো।

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে আল আহলি।

এছাড়াও ১১টি ক্লাব নতুন খেলোয়াড় দলে ভেড়ায়নি। এগুলো হলো- পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, রিভার প্লেট, পালমেইরাস, সিয়াটল সাউন্ডার্স, লস অ্যাঞ্জেলেস এফসি, মোন্তেররেই, অকল্যান্ড সিটি, মামেলোদি সানডাউনস ও এস্পেরান্স তিউনিস।