বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। ঐতিহাসিক এই অর্জনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মিয়ানমার থেকে নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ে মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে জায়গা করে নিয়ে জমকালো সংবর্ধনা পেয়েছে দলটি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়া কাপ নিশ্চিত করার পর অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করলেন। এদিকে বাফুফে গতকাল রবিবার হাতিরঝিলে গভীররাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো ঘোষণা আসেনি। নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত দেড় কোটি টাকা এখনো দিতে পারেনি বাফুফে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে ক্রীড়াবিদদের।
এদিকে এশিয়া কাপ নিশ্চিত হওয়ায় ভারতের নারী ফুটবল দলকে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটি।