মাঝপথে ভেন্যু বদল, ভুটানকে হারিয়ে বাংলাদেশের জয়

সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান ম্যাচের মধ্যবিরতির পর ভেন্যু পরিবর্তন করা হয়। বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ–ভুটানের দ্বিতীয়ার্ধের খেলা। শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৫টায় সিদ্ধান্ত হয় কিংস অ্যারেনায় নয়, ম্যাচের বাকি অংশ হবে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। পরে পৌনে ৩ ঘণ্টা পর ওই মাঠেই অনুষ্ঠিত হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচটি শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়লাভ করেছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন শান্তি মার্ডি। ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনোমতে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে বল জড়ান শান্তি মার্ডি।

তবে বৃষ্টির কারণে মাঠ অনেকটা কর্দমাক্ত হওয়ায় দুই দলের কোনো খেলোয়াড়ও তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি।

প্রথমার্ধের খেলা শেষে রেফারি ও ম্যাচ কমিশনার আধ ঘণ্টা পর মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর মতো মনে করেনি। পরে বাইলজ অনুযায়ী ম্যাচ দুই দফা আরও আধ ঘণ্টা পর্যন্ত স্থগিত করা হয়। পরে বাংলাদেশ ও ভুটান দুই দলের সঙ্গে ম্যাচ এক ঘণ্টা বিলম্ব হওয়ার পর মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দলই আজ খেলা শেষ হওয়ার পক্ষে মত দেয়। কিংস অ্যারেনা স্টেডিয়ামের পাশেই কিংস অ্যারেনার অনুশীলন মাঠ রয়েছে। সেই মাঠটি খেলার উপযুক্ত থাকায় সেখানে ফের পৌনে ৭টায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়। 

দুই দলের খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ, টিভি সম্প্রচার ক্যামেরা ও দর্শক সবাই স্থানান্তরিত হন। অনুশীলন মাঠ ফলে দর্শক গ্যালারি নেই। দর্শকরা মাঠের চার পাশে বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুটান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। কিছুক্ষণ পর প্রথমার্ধের গোলদাতা শান্তি মারডি বাংলাদেশকে আবার লিড এনে দেন। এরপর টানা দু’টি গোল হলে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। 

৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে অবস্থান করছে। সাফ অ-২০ টুর্নামেন্টে চার দল একে অন্যের সঙ্গে দুই বার করে মুখোমুখি হবে। ৬ ম্যাচ শেষে টেবিলে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।