রিয়াল-বার্সার মাঠের দ্বন্দ্ব যেন পুরো বিশ্বজুড়েই পড়ছে। কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকলেও দল দুটির নিজেদের মধ্যে কোনো খেলোয়াড় পরিবর্তন করে না। ২০০০ সালের দিকে লুইস ফিগো বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার পর তুলকালামকাণ্ড হয়ে গিয়েছিল। এমনকি রিয়ালের হয়ে ক্যাম্প ন্যুতে খেলতে যাওয়া ফিগোর দিকে ছুড়ে মারা হয়েছিল শূকরের মাথাও। ফলে সচেতনতামূলকভাবে এই দুই ক্লাব নিজেদের মধ্যে তারা দলবদল এড়িয়ে চলে।
সর্বশেষ ১৯৯৬ সালে রিয়াল ছেড়ে ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সায় গিয়েছিলেন লুইন এনরিকে। এরপর এই দুটি দলের মধ্যে আর কোনো খেলোয়াড় বদল হয়নি।
তবে দীর্ঘ ২৯ বছর পর ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এবার রিয়ালের যে খেলোয়াড়ের বার্সায় যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। বেশ কিছু দিন ধরেই রদ্রিগোর রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ পরিকল্পনায় রদ্রিগোকে রাখা হয়নি। ফলে তিনি চাইলে রিয়াল ছেড়ে অন্য কোথাও নিজের ঠিকানা খুঁজে নিতে পারেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল স্পোর্তে এক প্রতিবেদনে জানিয়েছে, বার্সেলোনা রদ্রিগোর দলবদল পরিস্থিতির ওপর নজর রাখছে। এমনকি নিজেদের আগ্রহের কথা জানিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে রদ্রিগোর সঙ্গে ক্লাবটি নাকি যোগাযোগও করে ফেলেছ। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও রদ্রিগো ক্লাব ছাড়তে চাইলে বার্সা দর-কষাকষি শুরু করতে রাজি বলে জানিয়েছে ব্রাজিলের এই সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রিয়ালের এই উইঙ্গারকে ছাড়ার জন্য নাকি ১০ কোটি ইউরো দাবি করছে দলটি, যা রদ্রিগোর দলবদলে বেশ প্রভাব রাখবে।
এদিকে বার্সার পাশাপাশি দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিভারপুলও রদ্রিগোর দিকে তাকিয়ে আছে। সব মিলিয়ে আগামী দিনগুলোয় এই ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে জমে উঠতে পারে এক ত্রিমুখী লড়াই। তবে শেষ পর্যন্ত রদ্রিগো যাদি বার্সায় যান, তবে সেটি রিয়াল-বার্সার মধ্যকার দলবদলে নতুন এক ইতিহাস তৈরি করবে।