চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ফ্রি ভার্সনের পাশাপাশি এবার বাজারে আসছে ‘পেইড ভার্সন’।

গত বুধবার (২৭ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি জানানো হয়।  

শুধু বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের ওপর নির্ভরশীল মেটা এবার রাজস্ব আয়ের এই নতুন পন্থা নিয়ে এগোতে চাচ্ছে। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে মেটার হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট এ বিষয়ে ঘোষণা দেন।

তিনি জানান, বিশ্বজুড়ে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সেবা চালু করতে যাচ্ছেন। পরবর্তীতে ব্যবসায়ী, ক্রিয়েটর ও এআই সেবার জন্য ভিন্ন ভিন্ন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা আছে তাদের।

যে কারণে পেইড ভার্সন বাজারে আনছে মেটা

চলতি বছরে এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠার খরচ বাবদ প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এ বিষয়টি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বিকল্প আয়ের উৎস হিসেবে ‘প্লাস’ সেবা চালু করছে মেটা। প্লাস সেবা চালুর খবর প্রকাশের পর পুঁজিবাজারে মেটার শেয়ারের দাম তিন শতাংশ বেড়ে যায়।

খরচ

বিভিন্ন প্রতিবেদন মতে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে প্রতি মাসে তিন ডলার ৯৯ সেন্ট খরচ করতে হবে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯১ টাকা) এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুণতে হবে দুই ডলার ৯৯ সেন্ট (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬৮ টাকা)।

ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস বাড়তি কিছু ফিচার দেবে, যেমন আরও উন্নত অ্যানালিটিকস, স্টোরি কে কতবার দেখেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য, আরও বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছে দেওয়ার সুযোগ এবং প্রোফাইল কাস্টোমাইজ করার সুবিধা।

হোয়াটসঅ্যাপ প্লাস পার্সোনালাইজেশনের দিকে নজর দেবে। প্রিমিয়াম স্টিকার, নিজের পছন্দসই রিংটোন ও অ্যাপ থিমের মতো সেবাগুলো পেতে প্রতি মাসে প্রায় ৩৬৮ টাকা করে খরচ বহন করতে হবে।

ফিচার

দীর্ঘদিন ধরে পরীক্ষামূলক বিশ্লেষণের পর মেটা এখন বিশ্বব্যাপী ক্রিয়েটরদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করছে। 

এক্সক্লুসিভ লাইভ ও স্টোরি: সাবস্ক্রাইব করা ফলোয়াররা ক্রিয়েটরদের বিশেষ লাইভ স্ট্রিমিং, স্টোরিস এবং রিলস দেখতে পাবেন, যা সাধারণ ইউজারদের জন্য লক করা থাকবে।

সাবস্ক্রিপ্ট ব্যাজ: যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে বা ডিরেক্ট মেসেজে তাদের নামের পাশে একটি বিশেষ ‘ব্যাজ’ শো করবে। এতে ক্রিয়েটররা তাদের ডেডিকেটেড ফ্যানদের সহজে চিনতে পারবেন।

এক্সক্লুসিভ পোস্ট ও গ্রুপ: শুধুমাত্র পেইড মেম্বারদের জন্য বিশেষ পোস্ট এবং গ্রুপ চ্যাট তৈরি করার সুবিধাও পাবেন কনটেন্ট নির্মাতারা।

হোয়াটসঅ্যাপকেও এই সাবস্ক্রিপশন মডেলের আওতায় আনছে। এটি মূলত হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা পেইড সাবস্ক্রিপশনের বিনিময়ে কাস্টমাইজড মেসেজিং, চ্যাটবট সাপোর্ট এবং উন্নত বিজনেস পেজ লিংক তৈরি করার মতো প্রিমিয়াম টুলস ব্যবহার করতে পারবেন।

আসছে মেটার মেগা এআই প্ল্যান

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটার পরিকল্পনা অনুযায়ী আগামীতে এই পেইড সাবস্ক্রিপশনগুলোর সাথে এআই চালিত কাস্টম টুলস যুক্ত করা হবে। যেমন - ক্রিয়েটররা নিজেদের একটি এআই সংস্করণ তৈরি করতে পারবেন, যা তাদের অনুপস্থিতিতেও ফ্যানদের মেসেজের স্বয়ংক্রিয় এবং বুদ্ধিমত্তাসম্পন্ন উত্তর দিতে সক্ষম হবে। এছাড়া উন্নত এআই ফটো ও ভিডিও এডিটিং টুলসও এই সাবস্ক্রিপশনের অংশ হতে পারে।

মেটা ওয়ান

গ্লেইট জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সেবাকে ‘মেটা ওয়ান’ নামের একটি একক সেবার আওতায় নিয়ে আসতে আগ্রহী। ২০২৩ সালে মেটা ইউরোপীয় ইউনিয়নের ডেটা প্রাইভেসি আইন মেনে চলার জন্য ইউরোপে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন চালু করে। ওই পেইড ভার্সনটি ছিল পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত। এতে ফেসবুকের ফ্রি ভার্সনের সঙ্গে আর কোনো ব্যবধান ছিল না। তবে এখন ফ্রিতে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন পুরোপুরি শেষ না হলেও এক্সক্লুসিভ এবং কোয়ালিটিপূর্ণ কনটেন্ট দেখতে হলে ইউজারদের পেইড ভার্সনগুলোই ব্যবহার করতে হবে।

তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে একই মূল্য নির্ধারণ করা হবে কী না, সেটা এখনও মেটা নিশ্চিত করেনি।